২০০৯ সালে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচারপ্রক্রিয়া শুরু করেছেন আদালত। একই সাথে মামলায় অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুলাই) ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে মামলার বিচারিক কার্যক্রম শুরুর ধার্য দিনে শুনানি শেষে আদালত এই পরোয়ানা জারির আদেশ দেন।
আদালতের নথি থেকে জানা যায়, ঘটনার দীর্ঘ ১৫ বছর পর গত ১১ই এপ্রিল পুলিশ এই মামলায় চার্জশিট দাখিল করে। এরপর বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আসামির উপস্থিতির জন্য দিন ধার্য থাকলেও জাকির হোসেন খান আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে তাঁর অনুপস্থিতিতেই বিচারপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়ে এই পরোয়ানা জারি করা হয়। ২০০৯ সালের ২৪শে মার্চ মিরপুর থানায় মামলাটি (মামলা নং ৫৮/২০০৯) দায়ের করা হয়েছিল।
২০২২ সালে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকাকালে শারীরিক নির্যাতনের কারণে জাকির হোসেন খান গুরুতর আহত হন এবং পরবর্তীকালে শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন।
সংশ্লিষ্টদের মতে দীর্ঘ ১৫ বছর পর মামলাটির বিচারপ্রক্রিয়া শুরু এবং আসামির শারীরিক অবস্থা বিবেচনা না করে পরোয়ানা জারি করা যুক্তিযুক্ত হয়নি। পরিবার এর পক্ষ থেকে জানা যায় আইনি পদক্ষেপের মাধ্যমে তাঁর শারীরিক ও চিকিৎসাসংক্রান্ত নথিপত্র আদালতে উপস্থাপন করা হবে।


